করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৭০২ জনে।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৮২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জনে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি।

শ‌নিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৩ টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৮২ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১১ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।

করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৪৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭০.৯০ শতাংশ।

এমবি