বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারাগাঁও থানার চার উপ পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। গ্রেফতার বাণিজ্য, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং করাসহ নানা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে তাদেরকে প্রত্যাহার করা হোয়েছে।

প্রত্যাহার করা চার এস আই হলেন- মারুফুর রহমান ওরফে কাটার মারুফ, দিদারুল আলম, নাজমুল আলম ও জহিরুল ইসলাম।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের রিজার্ভ অফিসার (আরও) মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চার এসআইকে আজ মঙ্গলবার দুপুরে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। সোনারগাঁও থানার ওসি শাহ মো: মঞ্জুর কাদের (পিপিএম) চারজন অফিসারকে প্রত্যাহারের কথা স্বীকার করেছেন।

জানা যায়, সোনারগাঁও থানায় যোগদানের পর থেকে অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তা একে অন্যের যোগসাজশে আসামী গ্রেফতার বাণিজ্য, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ পুলিশের উধর্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সোনারগাঁও থানার এসআই মারুফুর রহমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপকর্মের অভিযোগ উঠে। এ অফিসার অন্য তিনজন অফিসারদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম করে আসছে।

এমই