জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার নতুন নতুন তথ্য আসার প্রেক্ষাপটে দেশের সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী ১৭ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সভাপতিত্ব করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দপ্তরে এসে তাকে সভার বিষয়ে অবহিত করেন। এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া তার সঙ্গে ছিলেন।
শিক্ষামন্ত্রী পরে সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে সভা করবে।
ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে শিক্ষার্থীদের জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় মঙ্গলবার সচিবালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা করার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।
পর্যায়ক্রমে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়েও সভা করবে শিক্ষা মন্ত্রণালয়।
এসএম





