পবিত্র রমজান উপলক্ষে সব ধরনের মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন- ডিএসসিসি।
বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই দাম নির্ধারণ করেন দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
ডিএনসিসির নির্ধারণ করা মূল্যে দেশী গরুর মাংস প্রতিকেজির দাম ৪২০ টাকা, মহিষ ৪০০ টাকা, খাসি ৫৭০, ছাগী অথবা ভেড়া ৪৭০ টাকা কেজি। তবে প্রতি কেজি মাংসে ২০০ গ্রাম হাড় দেওয়া যাবে, তবে মাংসের কোয়ালিটি হতে হবে সর্বোচ্চ।
মেয়র বলেন, নির্ধারিত এ মূল্য প্রথম রোজা থেকে ২৬ রোজা পর্যন্ত কার্যকর থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ৬ অথবা ৭ জুন থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
সভায় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল সাইদুর রহমান, রাজস্ব কর্মকর্তা মস্তোফা কামাল ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এমবি





