সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলাকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হচ্ছে। সোমবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। ইতিমধ্যে আটটি সিসি ক্যামেরা স্থাপনও করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আরও ২৭টি ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া চলছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।
ইকবাল হোসাইন বলেন, নাসিরনগরে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সব ধরণের উদ্যোগ গ্রহণ করেছি। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে উঠান বৈঠক এবং সম্প্রীতি সমাবেশ করছি।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যাঙ্গচিত্র করে পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর দুস্কৃতিকারীরা নাসিরনগর উপজেলা সদরে তাণ্ডব চালায়।
এসময় দুস্কৃতিকারীরা উপজেলার অন্তত ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এরপর ৪ নভেম্বর ভোরে ও ১৩ নভেম্বর ভোরে দুস্কৃতিকারীরা আবারও উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত ৬টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে।
এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক সাতটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এআই





