রংপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যেই গত রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক ও এক পথচারী আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮ টার দিকে নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুর্বৃত্তরা নগরীর ব্যস্ততম জাহাজ কোম্পানি মোড়ে রাত সাড়ে আটটার দিকে একটি মোটর-সাইকেলে এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসময় আহত হন রিকশাচালক আমিন, শরীফ ও পথচারী জাভেদ। এদিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের পর পুরো এলাকায় কিছুক্ষণের জন্য আতংক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দোকান পাট।
এই ঘটনা ছাড়া চলমান হরতালের দ্বিতীয় নগরীর পরিস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা যায়নি।
বর্তমানে পুলিশ জাহাজ কোম্পানি মোড় ও আশে পাশের এলাকায় তল্লাশী অভিযান চালাচ্ছে বলে জানায় কোতোয়ালী থানা পুলিশ।
এসএইচ





