লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী শাহজাহান মিয়া বেপারী ওরফে খোকন মিয়াকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত খোকন মিয়া রায়পুর উপজেলার রহিম আলী বেপারীর ছেলে। নিহত আমেনা খাতুনের বাবার বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর বগুলা গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, জেলার রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের শাহাজান মিয়া যৌতুকের দাবিতে ২০০০ সালের ২৫ ডিসেম্বর তার স্ত্রী আমেনা খাতুন ডলিকে স্বামীর বসতঘরে মাথায় আঘাত করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মা উম্মে কুলছুম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একই দিন রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিচারক দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমে আর





