ছয় জেলায় প্রায় ৫ ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধায় ১৬, রংপুরে ৬, গোপালগঞ্জে ৫, সিরাজগঞ্জে ২, নাটোরে ২ এবং ঢাকার অদূরে সাভার আমিনবাজারে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার মধ্যরাত ও শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ জনের মতো আহত হয়।
গাইবান্ধা
শনিবার ভোরে পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ১৬ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল আলম জানান, ভোরে পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছেন। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
রংপুর
এদিকে শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩ টায় তারাগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি আবদুল বাকি জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বিআরটিসির দ্বিতল বাসের চাকা নষ্ট হলে শলেয়াশাহ বাজার এলাকায় দাঁড়িয়ে মেরামতের কাজ করছিল। এ সময় পেছন থেকে একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দেয় বাসটিকে। এতে ঘটনাস্থলে ছয় বাসযাত্রী নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন পাঁচজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবদুল বাকি।
গোপালগঞ্জ
ঢাকা-খুলনা মহসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ওসি আজজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো বাসটি একটি ভ্যান, একটি মোটরসাইকেল ও একটি মাহেন্দ্রকে চাপা দিলে এসব হতাহতের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ভুইয়াগাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ বাসযাত্রী। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, রায়গঞ্জ উপজেলার শ্যামনাই গ্রামের জসিম উদ্দিনের ছেলে ট্রাকচালক শরিফ ফকির (৩৫), একই গ্রামের ধুকু মিয়ার ছেলে হেলপার রফিকুল ইসলাম (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানী জানান, বগুড়া থেকে ঢাকাগামী আরকে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভুইয়াগাঁতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হন।
নাটোর
নাটোর শহরের আলাইপুরে বালুভর্তি ট্রাকচাপায় নারীসহ দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তঃত তিনজন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের আলাইপুরস্থ কমলা সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, নলডাঙ্গা থানার সোনাপাতিল গ্রামের মঙ্গল দেবনাথের স্ত্রী সুলতা দেবনাথ ও একই এলাকার কার্ত্তিক চন্দ্র দেবনাথের ছেলে কানাই দেবনাথ।
নাটোর সদর থানার ওসি মশিউর রহমান ও ফায়ার ব্রিগেড স্টেশন অফিসার মুহিউদ্দীন জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নলডাঙ্গা থেকে নাটোরগামী যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে নাটোর শহরের আলাইপুরস্থ কমলা সুপার মার্কেটের সামনে বালু ভর্তি একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত ও অপর তিন যাত্রী আহত হন।
ঢাকা
এছাড়া রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারে শনিবার সকালে যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জেড





