হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা রেখা আক্তারসহ(৩০) দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রত্নাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবখানী গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ও বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা রেখা আক্তার (৩০) এবং হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক (৫৫)।
আহত হন সিএনজি অটোরিকশার তিন যাত্রী। তবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি বাস বানিয়াচংয়ের উদ্দেশে রওনা হয়। বেলা আড়াইটার দিকে বাসটি রত্নাবাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
বানিয়াচং থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এমএম





