নড়াইলের কালিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সেকেন্দার আলী সরদার ওরফে সেকেন ডাকাত (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলা বড়নাল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

সেকেন্দার আলী সরদার হরিশপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সেকেন্দার আলী ওরফে সেকেন কালিয়ার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বুধবার একটি হত্যা মামলায় সেকেন্দারকে আটক করা হয়।

সেকেন্দারের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার গভীর রাতে অস্ত্র উদ্ধার শেষে ফিরে আসছিলেন পুলিশ সদস্যরা। পথে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে।

পুলিশ ডাকাতদের লক্ষ করে পাল্টা গুলি চালায়। এ সময় সেকেন্দার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে, ঘটনাস্থল থেকে একটি সার্টারগান, পাঁচ রাউন্ড গুলি এবং একটি পাইপগান ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

নিহত সেকেন্দার ডাকাতের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান ওসি।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ