কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথের ব্যবহৃত সরকারি গাড়িতে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের প্রধান সড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এরপর রাত ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির দায়ে ছাত্রশিবিরের ৯ কর্মী ও যুবদলের এক নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দর্বৃত্তরা তিনভাগে ভাগ হয়ে একই সময়ে ককটেলগুলির বিস্ফোরণ ঘটায়। মাত্র এক মিনিটের মধ্যেই শহরের আধা কিলোমিটার এলাকার মধ্যে তারা ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে।
এ সময় হামলাকারীদের একটি দল পুলিশ সুপারের গাড়ি লক্ষ্য করে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বার্মিজ মার্কেট এলাকার দিকে পালিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, শহরের বার্মিজ মার্কেট ও গোলদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলেও জানা ওসি।
ইআর





