খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লাফাইদং পাড়ার গহীন অরণ্যে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ও জনসংহতি সমিতির মদদপুষ্ট বোরকা পার্টির মধ্যে ঘন্টাব্যাপি বন্দুকযুদ্ধে উচিমং মারমা (২২) ওরফে বাবু মারমা নিহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ির সীমান্তবর্তী গহীন অরণ্যে ইউপিডিএফ ও জনসংহতি সমিতির মধ্যে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ঘন্টাব্যাপি বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। এতে ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক নেমে আসে এবং মলঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটাছুটি করতে থাকে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে লাফাইদং পাড়ার জঙ্গলে যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত উচিমং মারমা (২২) ওরফে বাবু মারমা উপজেলার মরাডলু গ্রামের বালাচু ওরফে মম মারমার ছেলে বলে জানা গেছে।

ইউপিডিএফের জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপণ খীসা নিহতকে নিজের কর্মী বলে দাবি করেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি সন্তুর মদদপুষ্ট বোরকা পার্টির কাজ। নিহতসহ তাদের ৪/৫ জন কর্মী সাংগঠনিক কাজে ওই গ্রামে অবস্থানকালে সশস্ত্র সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এসব সন্ত্রাসীকে গ্রেফতার করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এদিকে জেএসএস নেতা জ্যোতিষ দেওয়ান এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, এটি ইউপিডিএফের সংস্কারক গ্রুপের সাথে দ্বন্দ্বের জের।

জেআই