খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদুং পাড়া এবং মাটিরাঙ্গার মুসলিম পাড়া এলাকায় কার্ভাড ভ্যানসহ ৫টি গাড়ি ভাংচুর করেছে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের কর্মীরা।

এ সময় পুলিশ বহনকারী চাঁদের গাড়ির চালক মো. বাবুল হোসেন(৩৫) আহত হয়। এ ঘটনায় যৌথবাহিনী ৮ ইউপিডিএফ নেতা-কর্মীকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে গুইমারা উপজেলার বুদুং পাড়া এলাকায় পুলিশ বহনকারী চাঁদের গাড়ি ও কার্ভাড ভ্যানসহ ৩টি গাড়ি ভাংচুর করে অবরোধ আহ্বানকারীরা।

এসময় হামলাকারীদের ইটের আঘাতে পুলিশ বহনকারী চাঁদের গাড়ি চালক মো. বাবুল হোসেন আহত হয়। পরে পুলিশ ধাওয়া করে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন রুইচাইঅং মারমা(১৮), মিরশ চাকমা(২০), মংহ্লাপ্রু মারমা(২৭), অনু চাকমা(২০)।

অপর দিকে একই সময় মাটিরাঙ্গার মুসলিম পাড়া এলাকায় সিএনজিসহ ২টি গাড়ি ভাংচুর করে ইউপিডিএফ কর্মীরা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৪জনকে আটক করে। তারা হলেন, উজ্জল ত্রিপুরা(২০), দিপ্ত মোহন ত্রিপুরা(১৯) চলন্ত বিকাশ ত্রিপুরা(২৩), বিপন ত্রিপুরা(১৯)।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রধান প্রসীত বিকাশ খীসার নেতৃত্বে বিরুদ্ধে সংগঠনের ভিন্নমত পোষনকারীদের হত্যা, চাঁদাবাজি, গুম, খুন, অপহরণ, জাতীয় দিবস বর্জনসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে বুধবার খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন করে তপন জ্যোতি চাকমা বর্মা ও জলেয়া চাকমা তরুর নেতৃত্বে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আলাদা সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহ্বান করে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ।

ঘটনার সত্যতা স্বীকার করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটো জানান, আটককৃতরা সবাই প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ এর নেতাকর্মী বলে স্বীকার করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

আবু বকর/জেড