চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার নাজিরহাট পৌরসভাধীন বাবুনগর আজম ক্লাব গ্রামের মো হোসেনের পুত্র মুহাম্মদ জাবেদ (২৩) ও একই গ্রামের মো. মাহাবুবুল আলমের পুত্র মুহাম্মদ রায়হান।
এদিকে, হামলাকারীদের মধ্যে দুই জনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় হামলাকারীদের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।
হাটহাজারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ফটিকছড়ির একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারী সীমান্তে এ হামালার ঘটনা ঘটেছে। খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার দুই যুবককে চিকিৎসা দিতে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
এমএনজে





