রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কিশোর গ্যাং নিশ্চিহ্নের অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২২ কিশোরকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্র জানা যায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ, ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আড্ডা দেয়ার সময় ২২ কিশোরকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রত্যেকের বয়স ১৮ এর কম।
মোহাম্মদপুর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানান, সন্দেহভাজন হিসেবে ২২ কিশোরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ আছে কি না, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১১০ জন সদস্যকে আটক করা হয়।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরে চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র মহসিনকে (১৮) আগের কয়েকটি ঘটনার জের ধরে হত্যা করা হয়েছে। তবে ঘটনার দিন গত বুধবার বিকেলে ঢাকা উদ্যানে মহসিনের সঙ্গে বাগিবতণ্ডার ঘটনায় আতঙ্ক গ্রুপ গ্যাং স্টার’ গ্রুপের সদস্যরা আরো খেপে যায়। পরে সন্ধ্যায় হত্যার ছক কষে তারা। পরিকল্পনা ও বাস্তবায়নে গ্রুপের প্রধান রকি (১৮) ও সদস্য আসিফ (১৮) প্রথম থেকেই ছিল। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দেয় দুই আসামি।
এ ঘটনায় আটক বাকি তিনজনের মধ্যে ইমরানকে গতকাল গ্রেফতার দেখিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এসএম





