সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ হলে দু’ট্রাকেই আগুন লেগে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে মদন চৌয়ান (৪৫) নামের এক ট্রাকচালক মারা যায়।

শনিবার (২৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের জেলার চান্দাইকোনায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মদন চৌয়ানের বাড়ি বগুড়ার দুপাচাচিয়া উপজেলার তালোড় গ্রামে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক এবং হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী পণ্যবাহী একটি ট্রাক ঢাকা-বগুড়া সহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় পৌঁছালে সামনের দুটি চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তেলের ট্যাঙ্ক থেকে দুটি ট্রাকেই আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বগুড়া থেকে ময়মনসিংহগামী ট্রাকের চালক মদন চৌয়ান।

খবর পেয়ে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় সকাল ৭টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।