জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামে ডাকাতদের অস্ত্রের আঘাতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাত তিনটার দিকে ওই গ্রামের মোবারক আলী মণ্ডলের বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন তারা।
আহতরা হলেন- পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ (৫৮) ও ইসমাইল হোসেন (৩৮)। এদের মধ্যে আব্দুল আজিজের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার দোগাছী গ্রামে ও ইসমাইলের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবক্ত গ্রামে।
তারা জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, ২০/২৫ জন ডাকাত রাতে মোবারক আলীর বাড়িতে হানা দিয়ে তার পরিবারের সাত সদস্যকে বেঁধে ডাকাতি শুরু করে। এসময় মোবারক আলীর ছেলে রনি কৌশলে বাড়ির বাইরে গিয়ে টহলরত পুলিশ সদস্যদের জানায়। পরে পুলিশ এলে তাদের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতদের দেশীয় অস্ত্রের আঘাতে ওই দুই পুলিশ সদস্য আহত হন। এসময় ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মোবারক আলী জানান, ডাকাতরা তাদের ২৫ ভরি সোনার গহনা, নগদ দুই লাখ টাকা ও এক নলা একটি বন্দুক লুট করে নিয়ে গেছে। এছাড়া আসবাবপত্র ভাঙচুর করেছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোল্লা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ১০টায় তিনি হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিয়েছেন। পরে ঘটনাস্থলও পরিদর্শন করেছেন তিনি।
কেএইচ





