কাজ করতে গিয়ে আটকের পর ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশের মাটিতে ফিরেছে দুই বাংলাদেশি কিশোর।
রোববার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে এ দুই বাংলাদেশি কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
তারা হলেন- চাঁপাইনবাগঞ্জ জেলার চররানীনগর-বকচার গ্রামের রাজকুমার সাহার ছেলে সুমিত সাহা (১৪) এবং একই জেলার শিবগঞ্জের মুন্সিপাড়া গ্রামের সাইবুর রহমানের ছেলে জুয়েল (১৫)।
সুমিত ও জুয়েল জানায়, আড়াই বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা ও মালদা জেলায় গিয়েছিল রাজমিস্ত্রির জোগালির (সহকারী) কাজ করতে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। পরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে জুয়েলের আড়াই বছর ও সুমিতের দেড় বছরের কারাদণ্ড দেয় সে দেশের আদালত। তাদের বয়স আঠারো বছরের নিচে হওয়ায় তাদের জেলখানার পরিবর্তে বহরমপুর সেইফহোমে রাখার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের আদালত।
সূত্র জানায়, এ দুই কিশোরের কারাদণ্ডের মেয়াদ শেষ হলে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও ভারতের বেসরকারি সাহায্য সংস্থা ‘প্রাজক’ যৌথভাবে দু’দেশের হাইকমিশনের মাধ্যমে জুয়েল ও সুমিতকে দেশের মাটিতে ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা চালাতে থাকে। অবশেষে রোববার দুপুরে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তের আইসিপি চেকপোস্টের নো -ম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার খোরশেদ আলম, বিএসএফর গেঁদে কোম্পানী কমান্ডার লেকরাজ সিং, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ এস আই মাহবুব ও গেঁদে চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ সঞ্জয় গুহ।
জেআই





