নেদারল্যান্ডসের দ্য হেগ আন্তর্জাতিক আদালতে শুরু হওয়া রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুর নির্যাতনের ঐতিহাসিক বিচার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেয়া দশ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে যুক্তরাজ্য কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন।
বুধবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র (সিআরপির) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
আলোচনা সভায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সব সময় ভালো ছিল। বাংলাদেশ সরকারের পাশে যুক্তরাজ্যের সমর্থন সব সময় থাকবে।
সিআরপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা শুরুর আগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
আলোচনা সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফনটেইন, সিআরপির প্রতিষ্ঠা মিস ভেলরি এ টেইলর, বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম আব্দুস সালামসহ আরও অনেকে।
এএইচ





