ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ব্যবসায়ী ইকবাল হোসেন আজাদ ছিনতাইকারীদের হামলায় আহত হওয়ায় প্রতিবাদ সভা করেছে দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।
বাজারের জিরো পয়েন্টে আতাতুর্ক স্কুল মার্কেট চত্বরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ প্রতিবাদ সভার আয়োজন করে তারা।
সমিতির সভাপতি আবুল কায়েস রিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান, সাংবাদিক সিরাজ উদ্দিন দুলাল ও এমাম হোসেন প্রমুখ।
সভা পরিচালনা করেন, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন। বাজারের ৫ শতাধিক ব্যবসায়ী একঘণ্টা দোকানবন্ধ রেখে প্রতিবাদ সভায় যোগ দেয়। এসময় তারা বাজারের ফেনী-মাইজদী সড়ক অবরোধ করে রাখে।
সোমবার রাতে দাগনভূঞা বাজারের পুরাতন ডাকবাংলা এলাকায় ব্যবসায়ী ইকবাল হোসেন আজাদকে ছিনতাইকারীরা ছোরা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত আজাদকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





