টঙ্গীতে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর লেগুনার দুই আরোহী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯জন।
এদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা সকলেই লেগুনার যাত্রী। বৃহস্পতিবার সকালে শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ময়মনসিংহের গফরগাঁও থানার এলাকার হোসেন আলী মুন্সীর ছেলে বাদল মিয়া (৩০) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বান্দাখোলা এলাকার রামজয় দাসের ছেলে সুভাস চন্দ্র দাস (৪৫)।
আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকার সৈকত (১৯), টঙ্গী বাজার এলাকার মো. রকিব (২৯), উত্তরার আজমপুর এলাকার শহীদুর রহমান (৫৮), গাজীপুর মহানগরের কলমেশ্বর এলাকার মো. জাহাঙ্গীর আলম (২৯), নরসিংদীর পলাশ থানা এলাকার সুজন (২৮), ঢাকার আশুলিয়া এলাকার জাকির হোসেন (৬৫), আরিচপুর এলাকার আন্তু (৪৫) গাজীপুরের কালীগঞ্জ থানার দড়িপাড়া এলাকার বিজয় (৪৬)। তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, সকালে ৮টার দিকে কালীগঞ্জগামী যাত্রীবাহী লেগুনার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে টঙ্গীর শিলমুন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়।
এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং লেগুনায় থাকা কমপক্ষে ১১জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ওই দুইজন মারা যান। আহত হন ৮ জন।
এএস





