রাজধানীতে সোমবার পৃথক ঘটনায় পাঁচ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দক্ষিণখান এলাকা থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া খিলাগাঁও ও সবুজবাগ থেকে দুটি লাশ উদ্বার করে পুলিশ।

রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী বাজার ব্রিজের নিচে নড়াই নদী থেকে অজ্ঞাতপরিচয় (৫০) নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার সোমবার দুপুর ২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্যে তা পাঠানো হয়।

রাজধানীর দক্ষিণখান আশকোনা এলাকা থেকে মাসুদ রানা (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন হোসেন সোমবার দুপুর ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।

তিনি বলেন, পারিবারিক কোন্দলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃতদেহ ঢামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

একই থানার চালামণ এলাকা থেকে মো. শামিম (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান সোমবার দুপুর ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করেন।

তিনি বলেন, রবিবার রাতে তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা তার সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখেন, মৃত অবস্থায় তিনি পড়ে আছেন। পরে তার মৃতদেহ ঢামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়।

এ ছাড়া দক্ষিণখান থানার ৩০৬ নম্বর ইয়াকুব আলীর বাড়ি থেকে লিমা বালা (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সোমবার দুপুর পৌনে ৩টার দিকে তার মৃতদেহ উদ্ধার করেন। তিনি বলেন, নিহতের স্বামী শুকান্ত বালার সঙ্গে ঝগড়া করে তিনি ঘরের দরজা আটকে আত্মহত্যা করেন। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়।

অন্যদিকে, রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও দাসপাড়া এলাকা থেকে নেহাল আহমেদ সোপান (১৮) নামে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে। তিনি বলেন, রবিবার রাতে কোন এক সময় সে গলায় ফাঁস দেয়। সোমবার সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠায়।

ঢাকা,২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই