চতুর্থ ধাপে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন সহিংসতায় আহত নাজিম উদ্দিন (৫৫) আজ বুধবার ভোরে মারা গেছেন। এই উপজেলায় নির্বাচনী সহিংসতায় এ নিয়ে তিনজন নিহত হলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ মে ইউপি নির্বাচনের দিন বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের চৌরঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে নাজিম উদ্দিন গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নির্বাচনের দিন বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ গুলি ছোড়ে। এতে মাহাবুব হোসেন পল্টু নামের এক যুবক নিহত হন। নির্বাচন পরবর্তী সহিংসতায় আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি গ্রামে দুই মেম্বার প্রার্থীর লোকজনের সংঘর্ষে আছমা খাতুনের (৫৮) মৃত্যু হয়।

এমআর