হজ ও হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় দ্রুত দেশে ফিরিয়ে এনে লতিফ সিদ্দিকীর মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম ।

 শুক্রবার বিকালে খুলনার ঐতিহাসিক ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ভোটকেন্দ্র দখল, ব্যালটপেপার ছিনতাই, জুলুম-নির্যাতন চালিয়ে নির্বাচন করে ক্ষমতায় এসেছে। তবে ইসলামের ওপর আঘাত হেনে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের মানুষ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এ সরকার দুর্নীতিকে বৈধতা দিয়েছে। দুদক বর্তমানে দুর্নীতি মুক্তির সার্টিফিকেট বিতরণ করছে। দুদকই এখন সবচেয়ে বড় দুর্নীতি কমিশন, দুর্নীতির আখড়া।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম অবিলম্বে খুলনা নিউজ প্রিন্ট, দাদা ম্যাচসহ সব বন্ধ মিল-কারখানা খুলে দেওয়া, প্রেস এবং বেলিং শ্রমিকদের ১২ দফা দাবি পূরন, শ্রমিকদদের মুজরি কমিশন ঘোষণার দাবি জানান।

দলের কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, নগর সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে এবং মো. আখতারুজ্জামান উজ্জল ও শেখ মো. নাসির উদ্দিনের পরিচালনায় খুলনা বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ। এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশরাফ আলী আকন, নায়েবে আমীর, অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মো. নেছার উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।

জেআই