শরীয়তপুরে একটি বাড়িতে আগুন লাগায় অগ্নিদগ্ধ হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শিবসেন গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলো, আসমা (৬) ও মাফিয়া (৮)। তারা ওই গ্রামের মনির সরকারের মেয়ে। তারা স্থানীয় শিবসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার প্রত্যন্ত চর কাঁচিকাটা ইউনিয়নের শিবসেন গ্রামের বাকপ্রতিবন্ধী মনির সরকারের বাড়ির রান্না ঘরে রবিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন রান্না ঘর থেকে বসত ঘরে ছড়িয়ে পরে। এসময় ঘরের মধ্যে মনির সরকারের দুই মেয়ে মাফিয়া ও আসমা ঘুমিয়ে ছিল। বাড়ির মানুষ ও প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যস্ত থাকায় শিশু দুটির কথা ভুলে গিয়েছিল। যখন তাদের সন্ধান পাওয়া যায় ততক্ষণে শিশু দুটি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে মনির সরকার ও তার স্বজনদের পাঁচটি বসত ঘর পুড়ে গেছে।

সংবাদ পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শিশু দুটির লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা দেন।

দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা খোদেজা বেগম কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘ওদের জন্যই রান্না করছিলাম। রান্না করতে দেরি হওয়ায় আমার মানিকরা কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল করিনি। আল্লাহ কেন তুমি আমার কোল খালি করলা। আমি অহন কাগো লাইগা রান্না করুম।’

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন, ‘এক পরিবারের দুটি শিশুর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা খুবই বেদনা দায়ক। দুর্গম চর হওয়ায় যেতে পারিনি। খবর পেয়ে ওই পরিবারকে সামান্য কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই বাড়ি পরিদর্শন করে পরিবারটিকে সহায়তা করা হবে।

এসএম