আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা দিতে বরগুনা যাচ্ছেন শতাধিক আইনজীবী।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক), নিজেরা করি'র আইনজীবীরা এই সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

শনিবার ২০ জুলাই সকালে ঢাকা থেকে ১৪ সদস্যর আইনজীবী প্রতিনিধি দল বরগুনার পথে রওনা দিয়েছে। বিকেলে ২০ সদস্যর আরো একটি আইনজীবী প্রতিনিধি দল বরগুনা যাবে। শতাধিক আইনজীবী লড়বেন মিন্নির পক্ষে।

বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর অন্যতম কর্মকর্তা জেডআই খান পান্না বলেন, ‘ঢাকা থেকে মানবাধিকার সংগঠন ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র (আসক), নিজেরা করি’ এর পক্ষ থেকে আইনজীবী প্রতিনিধি দল বরগুনা যাচ্ছে।

ইতোমধ্যে অভিজ্ঞ ১৪ জন আইনজীবী রওনা দিয়েছেন। বিকেলে আরো ২০ জন আইনজীবী ঢাকা থেকে যাবেন।

তিনি জানান, ঢাকা ছাড়াও বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি থেকে ব্লাস্টসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের আরো অর্ধশতাধিক আইনজীবী বরগুনার পথে যাত্রা করেছেন ।

জানা যায়, আগামীকাল রোববার কারাগারে মিন্নির সঙ্গে সাক্ষাৎ করে ওকালতনামায় স্বাক্ষর নেবেন আইনজীবীরা। এরপরই বরগুনা আদালতে মিন্নির জামিনের বিষয়ে আইনি পদক্ষপ নেবেন তারা।

আইনজীবীরা বরগুনা যাওয়ার পর মিন্নির বাবার সঙ্গে দেখা করবেন। রোববার থেকে মিন্নির জামিনের জন্য চেষ্টা চালানো হবে বলে জানান এ আইনজীবী।

প্রসঙ্গত, এর আগে রিমান্ড শুনানিতে বরগুনার আদালতে মিন্নির পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে অ্যাডভোকেট জিয়া উদ্দিন বলেন, ‘আমাকে মোজাম্মেল হোসেন তার মেয়ের পক্ষে দাঁড়ানোর কথা বলেছিলেন। কিন্তু আমি তার পক্ষে দাঁড়াইনি।’ তবে কী কারণে দাঁড়াননি এমন প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি।

এএস