তাজরীন অগ্নিকাণ্ডের মামলায় অভিযুক্ত তোবা গ্রুপের চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে মুক্ত করতেই সরকার ও বিজিএমইএ’র ষড়যন্ত্রের স্বরূপ প্রকাশ পেয়েছে বলে মত দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার দুপুর ১২টায় তোবা গ্রুপের শ্রমিকদের আমরণ অনশনে একাত্মতা প্রকাশ করার সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পৃথিবীর কোথাও এমন ইতিহাস নেই যে, মালিক জেলে থাকায় শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হয় না। সব কাজ চলতে পারলে কেন বেতন দেওয়ার বেলায় মালিকের জেলে থাকার পশ্ন আসবে!
তিনি বলেন, এই ধরনের সমস্যা তৈরি করে অসংখ্য শ্রমিকের হত্যাকারী মালিককে জামিন দেওয়া হলো।
মালিক জামিনে জেল থেকে বের হয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চাইবে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, মালিক জামিন পেয়েছেন। এখন তিনি বের হয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর শ্রমিকেরা যেসব দাবি করেছেন, তা কাটছাঁট করার চেষ্টা করবেন। এটা যদি না পারেন, তাহলে আন্দোলনরতদের মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করবেন।
তিনি বলেন, যারা আন্দোলন করছেন, আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের দাবি থেকে সরে আসবেন না। নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবেন না। তাহলে, তার সুযোগ নেবে মালিক পক্ষ।
এ সময় শ্রমিকনেতা মোশরেফা মিশু, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





