পদ্মা নদীর ভাঙন অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের তিন শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পদ্মার ভাঙন কবলিত বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ভাঙন কবলিত এলাকার লোকজন আতঙ্কে তাদের বাড়িঘর সরিয়ে নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে চলছে নদীভাঙন। কিন্তু ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় ইতিমধ্যে তিন শতাধিক বাড়িঘরের সাথে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পদ্মায় বিলীন হয়ে গেছে।

দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তা জানান, তার ইউনিয়নের মনোহরপুর, রঘুনাথপুর, আইয়ুব বিশ্বাসপাড়া, মন্ডলপাড়া, গাইপাড়া, লক্ষীপুর ও চাঁইপাড়াসহ কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে, ওইসব এলাকার ২টি মসজিদ, ২টি প্রাথমিক বিদ্যালয়সহ ২৩৯টি পরিবারের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই