ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, নিহত যুবক একজন ডাকাত। রাতে ডাকাতির উদ্দেশ্যে ওই ব্যক্তি তার সহযোগীদের নিয়ে টিঘরিয়া গ্রামে হানা দিয়েছিল। এ সময় পুলিশের ৪ সদস্য আহতের কথাও জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি জানিয়ে বলেছেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ দাবি করেছে, গতকাল রাতে টহলের সময় টি ঘরিয়া গ্রামে মুখোশধারী ১৫/২০ জন ‘ডাকাত’ পুলিশের উপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এক মুখোশধারী ‘ডাকাত’ নিহত হয়। পুলিশ অন্তত ১৫টি গুলি চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তিনটি গুলি, দুটি রামদা উদ্ধার করেছে।
গোলাগুলিতে আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সালাউদ্দিন ও ফারুক এবং কনস্টেবল নুরুল ইসলাম ও হোসেন খান।
এমবি





