পুলিশের মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজত নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আজ (২৬ সেপ্টেম্বর) রোববার কুমিল্লার আদালতে হাজিরা দেবেন।

কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী আগামী ২৩ ডিসেম্বর তাদের পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেছেন।

কোর্ট ওসি সালাউদ্দিন বলেন, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে ১১ টা ৫৫ মিনিটের দিকে তাদের আবার প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, কুমিল্লার চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২০২০ সালের ১৭ ডিসেম্বর পুলিশ এই মামলা করে।

এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সড়কপথে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আনা হয় বলে জানান কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ।

উল্লখ্য, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়া ওই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ ছয় জনকে আসামি করা হয়।

এমবি