সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার। পাশাপাশি দুর্গত এলাকায় নোঙ্গরখানাও খোলা হবে।’ বৃহস্পতিবার পদ্মা তীরের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামে বন্যার্তদের ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

ত্রাণ বিতরণ শেষে পদ্মা সেতু সম্পর্কে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আগামী ডিসেম্বরে পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে। সে অনুযায়ী চীনে তৈরি সুপার স্ট্রাকচার এখন মাওয়ার পথে। এ পর্যন্ত সেতুর অগ্রগতি ৩৭ শতাংশ।’

আওয়ামী লীগের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। এতে মন্ত্রী ব্যক্তিগতভাবে বন্যার্তদের এক লাখ টাকা প্রদান করেন। এছাড়া পাঁচ হাজার বন্যার্ত পরিবারের মাঝে চাল, নগদ অর্থ ও খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির বক্তব্য রাখেন।

 

এমএনজে