ভোলার চরফ্যাশন উপজেলার মুন্সীরহাট এলাকায় মান্নান (২৫) নামে এক যুবক খুন হওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছেন পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকরা হলেন- একই এলাকার ফরিদ (২৬), মুন্সীগঞ্জ জেলার হাবিব (৩০), শাহজাহান (২৮) ও সুমন (৪০)।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘গ্রেফতার যুবকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা দোষ স্বীকার করেছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।’
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনুরুল আমিন গ্রামের আলী আহম্মদের ছেলে মান্নানকে তার বাড়ি থেকে ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই চরফ্যাশন থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।
এমকে





