সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ (ইকোনমিক লাইফ) ১৫ বছরের করাসহ ৩ দফা দাবিতে টানা ৩দিনের ধর্মঘট চলছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে মহানগর সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের ডাকে টানা ৩ দিনের ধর্মঘট শুরু হয়।
সোমবার সন্ধ্যায় এ কর্মসূচির কথা জানান ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির নেতা ফরিদুল ইসলাম খসরু। তিনি বলেন, ৩ দফা দাবিতে আমাদের এ ধর্মঘট। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিআরটিএ’র খসড়া সুপারিশ, বুয়েটের সুপারিশ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশ মেনে নিয়ে সিএনজিচালিত অটোরিকশার ইকোনমিক লাইফ ১৫ বছর দিতে হবে।
তিনি বলেন, মন্ত্রণালয় ও বুয়েটের সুপারিশ মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বুয়েটের সুপারিশ, যোগাযোগমন্ত্রীর গঠিত কমিটির সুপারিশ, বিআরটিএ’র খসড়ার প্রজ্ঞাপনের আলোকে প্রতিবেদন এবং উৎপাদনকারী দেশ ভারতের মতো ১৫ বছর সিএনজিচালিত অটোরিকশার ইকোনমিক লাইফ অবিলম্বে বৃদ্ধি করার দাবি জানান তিনি।
এদিকে, সিএনজিচালিত অটোরিকশার আয়ুষ্কাল আরো ৪ বছর বাড়ানো হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৪ দফা সুপারিশের ভিত্তিতে যোগাযোগ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
সিএনজিচালিত অটোরিকশা পরীক্ষা করে বুয়েট এ চার দফা সুপারিশ করে। খসড়া প্রজ্ঞাপনে এ সংক্রান্ত শর্তও যুক্ত করা হয়। শর্তগুলো হলো- ইঞ্জিন ওভারহোলিং (ভালোভাবে পরীক্ষা করে মেরামত) করা, সিলিন্ডার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি পরীক্ষা ও প্রয়োজনে পরিবর্তন, সিট-হুডকাভার পরিবর্তন ও বডি রং করা এবং মিটার নষ্ট থাকলে পুনঃস্থাপন করা।
বুয়েটের দেওয়া এ সুপারিশ মানতে রাজি নন অটোরিকশা মালিকরা। বিনা শর্তে চার বছর মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
২০০২ সালে রাজধানী থেকে টু স্ট্রোক থ্রি-হুইলার তুলে দিয়ে সিএনজিচালিত অটোরিকশা নামানো হয়। তখন অটোরিকশার আয়ুষ্কাল ধরা হয় ৯ বছর। পরে মালিক সমিতির দাবিতে তা আরও দুই বছর বাড়ানো হয়।
সে হিসেবে চলতি বছর এ সব অটোরিকশার মেয়াদ শেষ হওয়ার কথা।
এর আগে সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ ১৫ বছর করার দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দাবি মানা না হলে মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টার ঘর্মঘট পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
জাতীয়
সিএনজি-অটোরিকশার ৩ দিনের ধর্মঘট চলছে
সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ (ইকোনমিক লাইফ) ১৫ বছরের করাসহ ৩ দফা দাবিতে টানা ৩দিনের ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে মহানগর সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের ডাকে টানা ৩ দিনের ধর্মঘট শুরু হয়।





