গাজীপুরে এবার ৩২২ মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে গাজীপুরে পূজারী ও কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন।

জানা গেছে, পূজা উপলক্ষে গাজীপুর সদর উপজেলায় (গাজীপুর সিটি করপোরেশনসহ) ৯৫টি, কালিয়াকৈর উপজেলায় ৮৯টি, কালীগঞ্জ উপজেলায় ৩৬টি, কাপাসিয়া উপজেলায় ৫৬টি এবং শ্রীপুর উপজেলায় ৪৬টি মণ্ডপ স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গাজীপুর শাখার সভাপতি মনীন্দ্র চন্দ্র মণ্ডল জানান, আগামী ২৯ সেপ্টেম্বর দেবী বোধন ও অধিবাসের মাধ্য দিয়ে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসব। দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। তারা দুর্গা দেবী, লক্ষ্মী, স্বরস্বতী, কার্তিক ও গণেশ-এর প্রতিমা তৈরি করছেন। অধিকাংশ পূজা মণ্ডপে এখন চলছে শেষ সময়ের রংয়ের কাজ। আগামী ৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবার শারদীয় দূর্গোৎসব।

তিনি আরও জানান, জেলার পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে গত ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসন এবং ২০ সেপ্টেম্বর পুলিশ প্রশাসন আলাদাভাবে সভা করেছে। এবার প্রতি মণ্ডপে সরকারি সাহায্য হিসেবে ৫শ’ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারবেন এমন আশা প্রকাশ করে তিনি।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম , জেআই