নতুন বছরের প্রথম প্রহর (থার্টি ফার্স্ট) রাতে খোলা জায়গায় অনুষ্ঠান না করার জন্য নির্দেশনা দিয়েছে ডিএমপি। বলা হয়েছে চার দেয়ালের ভেতরে অনুষ্ঠানে অনুমতি থাকলেও বাড়ির ছাদের কোনো অনুষ্ঠান করা যাবে না।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে থার্টি ফার্স্টের নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তায় শহরের বিভিন্ন স্থানে সোয়াট থাকবে। যেসব স্থানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে সেখানে ডগ স্কোয়াড দিয়ে আগেই সুইপিং করা হবে। প্রস্তুত থাকবে বোমা ডিস্পোজাল ইউনিট। ইংরেজি নববর্ষ উপলক্ষে কোনো উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গান-বাজনা করা, আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ। ছাদে অনুষ্ঠান করে প্রতিবেশী ও এলাকাবাসীকে বিরক্ত করা যাবে না।

ডিএমপি কমিশনার বলেন, ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে গুলশান এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থানরত বাহিরের লোক এলাকা ছেড়ে চলে যাবে। আর স্থানীয়রা রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় প্রবেশ করবেন। রাত ৮ টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ব্যতীত কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হবে না। হেঁটে প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

কমিশনার আরো বলেন, যদি কেউ চার দেয়ালের মধ্যে নববর্ষ উদযাপন করতে চান তাতে কোন বাধা নেই। তবে অনুষ্ঠানের পূর্বেই পুলিশকে জানাতে হবে। রাস্তায় যদি কেউ অপ্রীতিকর কাজ করে তাকে আইনের আওতায় আনা হবে। ৩১ তারিখ সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত ঢাকা শহরের সকল বার বন্ধ থাকবে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এদিন রাতে কেউ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে পারবে না।