হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৩১ নির্মাণকর্মীর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৩১ নির্মাণকর্মীর স্বাস্থ্য পরীক্ষার পর শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”
টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
মফিদুর রহমান বলেন, “প্রতিদিন কাজে যোগ দেয়ার আগে নির্মাণ প্রকল্প কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রকল্প সংশ্নিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।”
এদিকে, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১ হাজার ৩০৫ জন। একই সময়ে নতুন করে আরও ৪ হাজার ৮ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে।
বুধবার (১৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
এমবি





