ফেনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই হত্যা মামলায় সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, ফেনী সদর উপজেলার রানীরহাট এলাকার শহীদ উল্লাহর সঙ্গে তার চাচাতো ভাই সুমনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রানীরহাট বাজারে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে শহীদ উল্লাহকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সুমন। এসময় স্থানীয়রা এসে শহীদ উল্লাহকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় সুমনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার রেজাউল হক।

এমবি