সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে রক্ষা পেলেন আবুল হাসেম মোল্লা (৫৫) নামের এক মৌয়াল। রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে অসম এ যুদ্ধে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন তিনি।
বুধবার দুপুরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমুনি ষ্টেশনের শেলা এলাকায় মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
ভাগ্যক্রমে বেচেঁ যাওয়া ওই মৌয়াল বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে বলে নিশ্চিত করেছে পূর্ব সুন্দরবন বন বিভাগ।
মধু সংগ্রহকারী দলনেতা আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, ‘পূর্ব সুন্দরবনের বগী ষ্টেশন থেকে দুই মাসের অনুমতি নিয়ে গত ১০ এপ্রিল আমরা ৮ জন মৌয়াল নৌকাযোগে সুন্দরবনে মধু আহরণ করতে যাই। মঙ্গলবার বিকেলে সুন্দরবনের শেলা এলাকায় মধু সংগ্রহকালে হঠাৎ বাঘের আক্রমনের শিকার হন মৌয়াল আবুল হাসেম মোল্লা।’
কুদ্দুস আরো জানান, এ সময় প্রাণ বাঁচাতে আবুল হাসেম প্রায় ১০ মিনিট ধরে একাই বাঘের সঙ্গে লড়াই করেন। এক পর্যায়ে তার চিৎকারে সঙ্গীয় মৌয়ালরা ছুটে এসে তাড়া করলে গহীণ অরণ্যে পালিয়ে যায় বাঘটি।
পরে গুরুতর আহত অবস্থায় ওই মৌয়ালকে উদ্ধার করে কোষ্টগার্ডের কোকিলমুনি ষ্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিৎকসা শেষে বুধবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জেআই





