ইউক্রেনের অলভিয়া বন্দরে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে গোলার আঘাতে বাংলাদেশি এক নাবিক নিহত হয়েছেন। হাদিসুর রহমান নামের ওই নাবিক জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরে এ হামলা হয়।
হাদিসুর রহমান বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির সন্তান। অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রাজ্জাক ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে হাদিসুর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা লাশ দেশে আনার জন্য সরকারের আকুতি জানিয়েছেন।
এর আগে, বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর গণমাধ্যমকে ফেসবুক মেসেঞ্জারে নিশ্চিত করেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, ইউক্রেনের সময় ৫টা ১০ মিনিটের দিকে আমাদের জাহাজে বিমান হামলা হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছি।
হাদিসুরের ছোটভাই তারেক জানান, মৃত্যুর আগেও ভাই আমাদের সঙ্গে কথা বলেছেন। ফোনে ভাই বলেন, আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না। বাড়িতে এসেই যেভাবে হোক ঘরের নির্মাণকাজ ধরব।
তারেক আরও বলেন, ভাইয়ের মৃত্যুর খবর শুনে বাবা বাকরুদ্ধ হয়ে বসে আছেন, মা বার বার অজ্ঞান হয়ে যাচ্ছেন। এক নজর হলেও ভাইয়ের লাশটা শুধু দেখতে চাই।
এমআই





