বিদুৎখাতে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক থেকে ৪১৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার বিকালে দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে গোলাম দস্তগীর গাজীর প্রশ্নোত্তরে সংসদকে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক থেকে বিদ্যুৎ খাতে সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্রজেক্টে অতিরিক্ত অর্থায়ন হিসাবে ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ঘোড়াশাল ইউনিট-৪ রি-পাওয়ারিং প্রজেক্টে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণ করা হবে। চলতি অর্থবছরে এ ঋণ পাওয়া যাবে।

রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম তফসিলি ও অ-তফসিলি সর্বমোট ৬২টি ব্যাংকের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। তার মধ্যে তফসিলি ব্যাংকের সংখ্যা হল ৫৬টি এবং ৬টি হচ্ছে অ-তফসিলি ব্যাংক।

অর্থমন্ত্রী আরও জানান, উক্ত ৬২টি ব্যাংকের মধ্যে ৫৬টি সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন।

কেএইচ