কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার শম্ভুপুর রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভৈরব রেলওয়ে সূত্র জানায়, ময়মনসিংহ থেকে লোকাল ট্রেনটি ভৈরব যাচ্ছিল। পথে শম্ভুপুর রেল গেইট এলাকায় ঢাকা-তারাইলগামী একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় রেল লাইনে আটকা পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি