ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদীতে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করেছে ১২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা।
এছাড়া আখাউড়া উপজেলায় তিন বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিনগত রাতে চোরাচালান প্রতিরোধে এ দু’টি অভিযান চালানো হয়। তবে এ দু’টি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
১২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, রাত ১১টার দিকে বিজয়নগরের আলীনগর সীমান্ত ফাঁড়ির নায়েক মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে তিতাস নদীতে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজা ও গাঁজাবাহী নৌকাটি আটক করা হয়।
অপরদিকে, আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবির শ্যামনগর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এমবি





