সিরাজগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে।
আজ (০২ জুন) রোববার দুপুর ১টার দিকে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায় এই দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৌশিত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, “আজ (০২ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লেগুনাটি উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ রোডের দিকে যাচ্ছিল। অপরদিকে পাবনা পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে দু’টি যানের মুখোমুখি সংঘর্ষ হয়।”
আবু ইউসুফ আরও বলেন, “প্রাথমিকভাবে ৮ জন নিহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এর আগে আজ (০২ জুন) সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথালিয়া বাজারের গনিগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়।
এমবি





