অবৈধভাবে মালয়েশিয়াগামীদের পৌঁছে দেয়াকে কেন্দ্র করে দালালদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে শাহজাহান (৪০) নামে এক ব্যক্তি নিহত ও ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের কলাতলীর দরিয়ানগর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ সংঘর্ষ হয়।
নিহত শাহাজাহান কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ কলাতলীর বড়ছড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
সংঘর্ষে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ কলাতলী বড়ছড়া এলাকার হোসেনের ছেলে জাফর আলম (৫০), একই এলাকার ছমির উদ্দিনের ছেলে শফিক (২৩), হামিদ হোসেন প্রকাশ বার্মাইয়া লালু (৪০) ও অজ্ঞাতপরিচয় একজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনলেও তাদের খুঁজ পাচ্ছেনা পুলিশ।
জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে কক্সবাজার শহরের বাহারছড়ার শামসুল আলমের মালিকানাধীন একটি ট্রলারে করে মালেয়াশিয়াগামী ১৭ জনকে জাহাজে তুলে দিতে যায় শাহাজাহানসহ ৪ দালাল।
এ সময় পাচারকারী চক্রের অন্য একটি দল ওই ১৭ যাত্রীকে ছিনতাইয়ের উদ্দেশে ট্রলারে হানা দেয়। এতে উভয়পক্ষের সংঘর্ষ হয়।
কক্সবাজার সদর থানা পুলিশ জানান, গুলিবিদ্ধ হয়ে শাহাজাহান নামে এক যুবক নিহত হয়েছে। তবে কি কারণে তাকে গুলি করা হয়েছে বিষয়টি জানা যায়নি।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





