বাংলাদেশে নিবন্ধিত করদাতার সংখ্যা সাড়ে ৩০ লাখ ছাড়িয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাসস।
খবর অনুযায়ী গত আগস্ট পর্যন্ত দেশে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিবন্ধন করেছেন ৩০ লাখ ৫০ হাজার ৪০৫ জন। এর মাধ্যমে করদাতা সংগ্রহে বড় ধরনের সাফল্য এসেছে বলে মনে করছে এনবিআর।
দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সরকারি কর্মকর্তাদের ই-টিআইএন বাধ্যতামূলক করায় নিবন্ধিত করদাতার সংখ্যা দ্রুত বাড়ছে বলে ধারনা এনবিআরের।
বর্তমানে ই-টিআইএনধারীর সংখ্যা ৩০ লাখের ওপরে এই তথ্য জানিয়ে এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এর মাধ্যমে প্রমানিত হয়,দেশের নাগরিকরা কর প্রদানে সচেতন হচ্ছেন। এনবিআরের প্রতি জনগনের আস্থা বাড়ছে। হয়রানিমূক্ত পরিবেশে তারা স্বপ্রণোদিত হয়ে ই-টিআইএন নিবন্ধন করছেন।’
প্রতি মাসে অন্তত ৫০ হাজার নতুন করদাতা ই-টিআইএন নিবন্ধন করছেন বলে তিনি জানান।
চলতি ২০১৭-১৮ অর্থবছরের মধ্যে ই-টিআইএনধারীর সংখ্যা ৩৫ লাখে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আব্দুর রাজ্জাকের মতে দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। এতে ই-টিআইএনের সংখ্যও বাড়ছে। এর পাশাপাশি গত অর্থবছর থেকে সরকারি কর্মকর্তাদের ই-টিআইএন বাধ্যতামূলক করায় নিবন্ধিত করদাতার সংখ্যা দ্রুত বাড়ছে।
তবে দেশে বর্তমানে ৩০ লাখ ৫০ হাজার ই-টিআইএনধারীর মধ্যে করদাতার সংখ্যা মাত্র ১২ লাখ। গত ১ জুলাই থেকে ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী দাখিল শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এনটিভি
জেড





