রাজধানীতে পৃথক অভিযানে ১৬৭২ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক চোরাকারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বিমানবন্দর ও উত্তরা এলাকায় তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দু’টি ট্রাক জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- আব্দুস সালাম (৫৬), মুকুল হোসেন (২০) ও আনোয়ার হোসেন (৪০)।
র্যাব-১’র স্কোয়াড কমান্ডার এএসপি কামরুজ্জামান জানান, কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে দু’টি ট্রাকে করে ফেনসিডিলের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১১৭২ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে আরও ৫০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ফেনসিডিলের চালান দেশে নিয়ে আসে। এরপর বিভিন্ন পণ্যবাহী ট্রাকে করে চালানগুলো ঢাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাব-১’র স্কোয়াড কমান্ডার।
এমবি





