হত্যা মামলায় গ্রেফতার হচ্ছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন আহমেদ।

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কয়েকজন কর্মকর্তার সঙ্গে এ কথা বলে এমন আভাস পাওয়া গেছে। তবে কখন তাকে পুলিশ হেফাজতে নেয়া হবে তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের একটি সূত্র জানায়, ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনের থানা হেফাজতে নির্যাতনের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ডিএমপি। ওই ঘটনায় পুলিশেরই দায়ের হওয়া মামলায় এসআই জাহিদকে আটক করা হলেও পলাতক রয়েছে এক এসআইসহ ৩জন।

অন্যদিকে নিহত সুজনের স্ত্রী মমতাজ সুলতানা লুসি বাদী হয়ে রোববার আদালতে মামলা করেন। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে ওসি সালাউদ্দীনকে। আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

সোমবার সকাল থেকেই ওসি সালাউদ্দীন গ্রেফতার হচ্ছেন বলে গুঞ্জন শুরু হয়েছে।

ডিএমপির সদর দফতরের কয়েক কর্মকর্তার সঙ্গে কথা বলে তাকে আটকের কোন তথ্য পাওয়া না গেলেও তিনি যে গ্রেফতার হচ্ছেন এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এ বিষয়ে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দীন বলেন, ওসি সালাউদ্দীনকে আটকের বিষয়টি তার জানা নেই। তিনি এ বিষয়ে উপ-পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

তাকে গ্রেফতারের কোনো পরিকল্পনা আছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।

তবে মিরপুর জোনের এক পুলিশ কর্মকর্তা অবশ্য বলেন, গ্রেফতারের খবর জানি না। আমি শুনেছি ওসি সালাউদ্দীন মিরপুরে মাইক্রোবাসে গার্মেন্ট তরুণী ধর্ষিত হওয়ার ঘটনায় হাইকোর্টে গেছেন।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ