চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চট্টগ্রামে বহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে শহর ছেড়ে যাওয়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

চট্টগ্রামের রিটার্নিং অফিসার আবদুল বাতেন এমন নির্দেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, চট্টগ্রামে বহিরাগত কেউ আছে কিনা তা নিশ্চিত করতে শনিবার রাত ১২টার পর নগরীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।

বহিরাগত জনসাধারণকে শহর ত্যাগ করার নির্দেশের পাশাপাশি রাত ১২টা থেকে চট্টগ্রামে কোনো ধরনের মোটরসাইকেলও চলাচল করতে দেওয়া হবে না।

চট্টগ্রামের রিটার্নিং অফিসার আবদুল বাতেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচনের নিয়ম অনুযায়ী চট্টগ্রাম শহরের বাসিন্দা নয় এমন বহিরাগত কাউকে শনিবার রাত ১২টার পর শহরে অবস্থান করার সুযোগ নেই। বহিরাগত কেউ স্বেচ্ছায় শহর ত্যাগ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

রাত ১২টার পর নগরীর বিভিন্ন আবাসিক হোটেল, গেস্ট হাউজগুলোতে তল্লাশি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে রিটার্নিং অফিসার জানান।

এএইচ