ফরিদপুরে মানিক ও ভরত নামে দুই পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) হত্যার ঘটনায় কোতয়ালি থানায় একটি ‍মামলা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১০জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত মানিকের স্ত্রী টুম্পা জমাদার বাদী হয়ে শুক্রবার (০৮ এপ্রিল) দিনগত রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, শুক্রবার রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয়। এই ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ১০জনকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার ভোরে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় রাস্তার পাশে মানিক জমাদার (২৫) ও তার শ্যালক ভরত জমাদার (২২) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মানিক ফরিদপুর শহরের আলীপুরের বান্ধবপল্লীর বাসিন্দা কিশোর জমাদারের ছেলে। ভরতের বাড়ি নাটোর জেলায়। তিনি তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহত টুম্পা জানান, তার স্বামী মানিক ও ছোটভাই ভরত পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন। তাদের শিশু সন্তান অসুস্থ থাকায় ভরত রাতে তার দুলাভাইকে সাহায্য করতে ওই এলাকায় পৌরসভার সড়ক পরিষ্কারের কাজ করতে গিয়েছিলো। ভোরে তাদের মরদেহ পাওয়া যায়।

ওএফ