নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় চলন্ত ট্রলির ধাক্কায় আবদুল আহাদ রাশেদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১টায় উপজেলার বাটাইয়া ইউনিয়নের ওটারহাট-কাছারিহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাজী আবদুল কুদ্দুসের ছেলে।
স্থানীয়রা জানান, কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের কাছারিহাট বাজার এলাকায় ফুফুর মৃতদেহ দাফন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাশেদ ও তার এক আত্মীয়।
এ সময় ওটারহাট-কাছারিহাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, আহত অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এমআইএস





